দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের ইউরেনিয়াম ‘শান্তিপূর্ণ উপায়ে’ যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পরিকল্পনার কথা আবারও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, এ বিষয়ে ইরান সহযোগিতা করবে।
শুক্রবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে রিপাবলিকান পার্টির ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘অনেকেই জানতে চান—কীভাবে আমরা ইরানের ইউরেনিয়াম সংগ্রহ করব। আমরা বড় আকারের এক্সকেভেটর ব্যবহার করে, ইরানের সঙ্গে সমন্বয় করেই তা সংগ্রহ করব।’
তিনি আরও বলেন, এই প্রক্রিয়ায় অত্যন্ত শক্তিশালী ও বড় যন্ত্রপাতি প্রয়োজন হবে এবং ইরানের অংশগ্রহণেই পুরো কাজটি সম্পন্ন হবে বলে তিনি আশা করেন। খুব শিগগিরই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসা সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইরানের কাছে বর্তমানে প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম মজুত রয়েছে, যার পরিশুদ্ধতার মাত্রা প্রায় ৬০ শতাংশ। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সাধারণত এই মাত্রা ৯০ শতাংশে উন্নীত করতে হয়।
এর আগে ১৬ এপ্রিল ট্রাম্প দাবি করেছিলেন, ইরান তাদের ইউরেনিয়াম মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে সম্মত হয়েছে। তবে সেই দাবি তাৎক্ষণিকভাবে নাকচ করে তেহরান জানায়, তাদের ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাইরে নেওয়া হবে না।
শুক্রবারের বক্তব্যে এ বিষয়ে নিজের আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প।
এমএস/